যশোর কোতয়ালী মডেল থানাধীন ঝুমঝুমপুর গ্রামে ৬০ শতক পৈতৃক জমি জবরদখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সেলিম কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঝুমঝুমপুর গ্রামের আলী আহম্মদের ছেলে মোঃ সেলিম ১২নং ফেতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৯০নং ঝুমঝুমপুর মৌজার ২১৫ দাগের ৬০ শতক জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে ১৯৬২ সাল থেকে ভোগদখল করে আসছেন। উক্ত জমিতে তিনটি পাকা ঘর ও টিনশেড রয়েছে।
অভিযোগে সেলিম উল্লেখ করেন, গত ১১ মে ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে একই গ্রামের মোছাঃ আনোয়ারা খাতুন, মোঃ মাহবুব হোসেন সহ অজ্ঞাতনামা ২/৩ জন তার জমির গাছপালা কেটে ফেলে এবং জমির প্রবেশ গেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয়। পরদিন ১২ মে সকাল ৯টা থেকে পুনরায় জমি থেকে জোর করে গাছ কাটতে থাকে।
সেলিমের ভাষ্য, বাধা দিতে গেলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারপিট করতে উদ্যত হয় এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে বের করে দেওয়ার কথা বলে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, বিবাদীরা যেকোনো সময় তার ও পরিবারের সদস্যদের মারপিট, খুন-জখম করে জমি জবরদখল করতে পারে এবং উল্টো তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে। জমি নিয়ে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও করছেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোঃ আবুল খায়ের, মোঃ আঃ জলিল ও সুমন হোসেনসহ এলাকার অনেকে বিষয়টি জানেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সেলিম সরেজমিনে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

By Staff Correspondent:

নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *