উল্লাপাড়ায় রেলস্টেশনে তিনটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আট থেকে সকাল নয় পর্যন্ত আধা ঘণ্টা অবরোধ করায় বিভিন্ন গন্তব্যের ট্রেন চলাচল বন্ধ থাকে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলনকারীরা ৩০ মিনিট রেলপথ অবরোধ করেন। এ সময়ে ঢাকাগামী রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি লাহেড়ি মোহনপুর স্টেশনে আটকে ছিল।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মাসুম আলী খান বলেন, উল্লাপাড়া স্টেশনে আরও তিনটি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মিলে শাটডাউন কর্মসূচি পালন করেছেন। এতে বনলতা এক্সপ্রেস ট্রেনটির আধা ঘণ্টার মতো যাত্রায় বিলম্ব ঘটেছে। তবে অন্য ট্রেনের সিডিউল বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই।
