সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপি’র এমপি প্রার্থী এম আকবর আলীর শেষ নির্বাচনী জনসভায় তার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান উপস্থিত জনতাকে । তিনি বলেন, এটাই আমার শেষ নির্বাচন। জীবনে আর হয়তো নির্বাচন করতে পারব না। আমি এই আসনে দুই বার বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছি। আমার নিজের আর চাওয়া পাওয়ার কিছু নেই। নির্বাচিত হলে আমি নিঃস্বার্থভাবে উল্লাপাড়াবাসীর সেবা করতে চাই।
উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে মাঠে ৯ ফেব্রুয়ারি সোমবার উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে আকবর আলী নিজেই সভাপতিত্ব করেন। জনসভায় প্রধান অতিথি হিসাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ রনির সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাহিন শওকত, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, লায়ন মোমেনা আলী, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি ও জাহিদুল ইসলাম মিষ্টার।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শাহিন শওকত তার বক্তব্যে বলেন, জামায়াত আমীর শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভাগাভাগি করে দেশ পরিচালনার প্রস্তাব করেছিলেন। কিন্তু তারেক রহমান তাতে সম্মত হননি। তার কারণ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। বিএনপির রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রয়েছে। তাই ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনার কোন সুযোগ বিএনপির কাছে নেই। বিএনপি নির্বাচিত হলে এককভাবে সরকার গঠন করবে।
