পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গরু চুরি প্রতিরোধে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। চোরদের যাতায়াত ও পিকআপ ভ্যান প্রবেশ ঠেকাতে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লার সংযোগ সড়কে বাঁশ বেঁধে তৈরি করা হয়েছে অস্থায়ী ব্যারিয়ার। পুলিশের উদ্যোগে স্থানীয় খামারি ও গ্রামবাসীর অংশগ্রহণে চলছে রাতভর পাহারাও।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই গুরুত্বপূর্ণ সড়ক ও গ্রামের প্রবেশপথে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। কোথাও কোথাও স্থানীয় তরুণ ও কৃষকেরা দলবদ্ধ হয়ে লাঠি ও টর্চ হাতে পাহারা দিচ্ছেন। বিশেষ করে উল্লাপাড়া সদর, পূর্ণিমাগাঁতী৷ মোহনপুর, দূর্গানগর ও কয়ড়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় এ তৎপরতা বেশি দেখা গেছে।

উল্লাপাড়া গ্যাসলাইন হাটের পাশের খামারি মতিন আলী বলেন, অনেক কষ্ট করে গরু লালন-পালন করা হয়। কিন্তু সম্প্রতি সংঘবদ্ধ চোরচক্র ট্রাক বা পিকআপ নিয়ে গ্রামে ঢুকে দ্রুত গবাদিপশু চুরি করে নিয়ে যাচ্ছে। তাই নিজেদের নিরাপত্তার জন্য গ্রামবাসী একসঙ্গে কাজ করছেন।

উল্লাপাড়া গ্রামের বাসিন্দা রতন মিয়া, মোক্তার হোসেন উল্লাপাড়া থানার নির্দেশনায় উল্লাপাড়া পৌর শহরের কালিবাড়ী মোড়ে বাঁশের ব্যারিয়ার বসানো হয়েছে। পুলিশি টহলের পাশাপাশি স্থানীয়রা পাহারার ব্যবস্থা করেছেন। অপরিচিত কোনো যানবাহন বা গরুর কোন গাড়ি গ্রামে বা এ রাস্তায় প্রবেশ করলেই তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাত ১০টা থেকে ভোর পর্যন্ত খামারিরা পালাক্রমে পাহারা দিচ্ছেন। সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত এলাকাবাসীকে সতর্ক করার ব্যবস্থাও রাখা হয়েছে। এ কাজে পুলিশের বিট কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন।
উল্লাপাড়া গ্রামের রতন মিয়া ও কয়ড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনি বলেন, জনবলের সীমাবদ্ধতার কারণে পুলিশের একার পক্ষে সব এলাকায় নজরদারি করা কঠিন। তাই খামারিদের এই সম্মিলিত উদ্যোগ চুরি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে। তবে কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, শুধু ঈদকে সামনে রেখে উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে ১৮ টি বাঁশের ব্যারিয়ার বসানো হয়েছে। এ কাজে পুলিশের বিট কর্মকর্তা, গ্রাম পুলিশ ও স্থানীয় খামারিরা একসঙ্গে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে উপজেলায় গরু চুরি অনেকাংশে কমে আসবে এবং খামারিরা নিরাপদে গবাদিপশু পালন করতে পারবেন।

 

 

উল্লাপাড়ার আরও খবর

===============

উল্লাপাড়ার বিদ্যুৎ শর্টসার্কিটে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল গরু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামের পশ্চিমপাড়ায় বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি গোয়ালঘর পুড়ে গেছে। এ ঘটনায় একটি গরু মারা যাওয়াসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

মঙ্গলবার ভোর রাতে গজাইল গ্রামের পশ্চিমপাড়ার জিয়াবুল রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির গোয়ালঘরে হঠাৎ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত জিয়াবুল রহমান জানান, গোয়ালঘর, গরু পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ আগুন লাগায় গরুগুলো বের করতে পারেননি বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া জানান , ক্ষতিগ্রস্থ পরিবারটিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

 

By Shah Alam Sarkar Ullapara:

শাহ আলম সরকার উল্লাপাড়া :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *