যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক ঝটিকা অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে জেলার ঝিকরগাছা থানাধীন নাভারণ পুরাতন বাজার ও কুন্দিপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ জিয়াউর রহমান (৫৫)। তিনি ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই একটি মাদক মামলা রয়েছে।
ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ পুরাতন বাজার রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয়। সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে জ্যাকেট পরিহিত জিয়াউর রহমানকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক রাখার কথা স্বীকার করেন এবং তার পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার কুন্দিপুরস্থ বাড়িতে অভিযান চালায় ডিবি টিম। সেখানে শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা এবং ঘরের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক বিক্রির নগদ ১৯ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে জুতার বক্স থেকে ১৬ লক্ষ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই সালাউদ্দিন খান জানান, উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকাসহ আসামিকে আটক করে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। আটককৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
যশোর ডিবির এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। মাদক নির্মূলে ডিবি পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

By Staff Correspondent:

নিজস্ব প্রতিবেদক :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *