যশোরের বিরামপুর এলাকা থেকে পিস্তল, তিন রাউন্ড গুলি ও গাঁজাসহ এক যুবদল নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার দুপুরে কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম (৩৫) বিরামপুর এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ডিএনসি যশোর জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে একটি বিশেষ টিম কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে রবিউলকে আটক করে দেহ তল্লাশি করা হয়।
পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, “আটক ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।”
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, “বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অপরাধী কাউকেই প্রশ্রয় দেবে না যুবদল। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
*স্থানীয়দের অভিযোগ:* নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, রবিউলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। তার নেতৃত্বে এলাকায় মাদক সিন্ডিকেট চলে বলেও অভিযোগ আছে। রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। সম্প্রতি তিনি এক মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়েছেন এবং চাঁদাবাজি ও সালিশের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রবিউল আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

By Ibrahim Ishan:

*ইব্রাহিম ঈশান:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *