যশোর যশোরের উপশহর ইউনিয়ন পরিষদের পেছনে দীর্ঘ ৪০ বছর ধরে বসবাসরত ২৪টি ভূমিহীন পরিবারকে কোনো নোটিশ ছাড়াই আকস্মিক উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মৌখিকভাবে মাত্র ১-২ দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ পাওয়ায় পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। এই অন্যায্য উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ এবং বিগত সরকারের আমলে অনিয়মের মাধ্যমে করা প্লট বরাদ্দ বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্তরা।
​
স্মারকলিপিতে এলাকাবাসী অভিযোগ করেন, তারা ওই এলাকায় প্রায় চার দশক ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু ২০২৪ সালের শুরুর দিকে বিগত সরকারের মদদপুষ্ট প্রভাবশালী ব্যক্তি, আমলা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে হাউজিংয়ের নিয়ম-নীতি লঙ্ঘন করে এই জমিগুলো প্লট আকারে বরাদ্দ দেওয়া হয়। স্থানীয়দের দাবি, প্রকৃত বরাদ্দ পাওয়ার যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে রাজনৈতিক প্রভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে এসব প্লট কুক্ষিগত করা হয়েছে।
​
বিগত ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি কুচক্রী মহল এবং হাউজিংয়ের কতিপয় অসাধু কর্মকর্তা যোগসাজশ করে নামমাত্র মূল্যে এই প্লটগুলো পুনরায় হস্তান্তরের চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় কোনো আইনি প্রক্রিয়া বা লিখিত নোটিশ ছাড়াই সেখানে বসবাসরত ২৪টি পরিবারকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ঘরবাড়ি সরিয়ে নিতে বলা হয়েছে।
​
ভুক্তভোগীরা জানান, এই ২৪টি পরিবারের মধ্যে বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি, শিশু এবং এসএসসি পরীক্ষার্থী রয়েছে। এত অল্প সময়ের ব্যবধানে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা এখন দিশেহারা। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, “অন্যায্যভাবে এবং দুর্নীতির মাধ্যমে করা এই প্লট বরাদ্দ বাতিল করতে হবে এবং আমাদের দীর্ঘদিনের আবাসন নিশ্চিত করতে হবে।”
​
ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে মো. নজরুল ইসলাম, মো. শহিদুল ইসলামসহ অন্যান্যরা জেলা প্রশাসকের কাছে এই মানবিক সংকটে দ্রুত হস্তক্ষেপ করার এবং অবৈধ উচ্ছেদ অভিযান স্থগিত করার আকুল আবেদন জানিয়েছেন।

By Ibrahim Ishan:

​নিজস্ব প্রতিবেদক ইব্রাহিম ঈশান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *