নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামী আরিফ সরকারকে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পিবিআই নরসিংদী জেলা।
জানা যায়, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড এলার্টের ভিত্তিতে দুবাই পুলিশ আসামী আরিফ সরকার (৪০), পিতা-মৃত হাফিজ উদ্দিন সরকার, গ্রাম-পুটিয়া কামারগাঁও, থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে গ্রেফতার করে। পরে গ্রেফতারের বিষয়টি বাংলাদেশ পুলিশকে অবহিত করা হলে পিবিআই ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম দুবাই গিয়ে তাকে দেশে ফিরিয়ে আনে। গত ০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, ভিকটিম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৩ মিনিটে পরিকল্পিতভাবে তার নিজ বাসভবনে ঢুকে সন্ত্রাসীরা পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে শিবপুর মডেল থানায় আরিফ সরকারসহ একাধিক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় ২৩ জুন ২০২৩ খ্রিস্টাব্দে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই নরসিংদী জেলা।
পিবিআই সূত্রে জানা যায়, তদন্ত চলাকালে এর আগেও মামলার অন্যতম আসামী মহসীনকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদে মহসীন এই হত্যাকাণ্ডে আরিফ সরকারসহ অন্যান্যদের সম্পৃক্ততা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। পরবর্তীতে তদন্তে আরিফ সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার অবস্থান শনাক্তে ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহায়তা নেওয়া হয়।
এরপর আরিফ সরকারের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। তদন্ত শেষে ২৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে পিবিআই নরসিংদী জেলা আরিফ সরকারসহ সংশ্লিষ্ট আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পরবর্তীতে দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করলে বাংলাদেশ পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে বিশেষ টিম তাকে দেশে ফিরিয়ে এনে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শিবপুর থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আসামীকে দেশে ফিরিয়ে আনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
